প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচির বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের সময় মাঠের পাশের মিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছিলেন সোহেল রানা।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, উপস্থিত কয়েকজন তাকে মারধরও করেন।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ সোহেল রানাকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

 

আটক সোহেল রানা শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন আনারস ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে এক ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে উপস্থিত কিছু লোক তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।

 

 


সম্পর্কিত নিউজ