{{ news.section.title }}
জাবির প্রকৌশল অফিসের প্রধান পদে উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রকৌশল অফিসের ‘অফিস প্রধান’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমুল আলম। আগামী ১৫ জুন থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, গত ১০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিনি প্রকৌশল অফিসের ‘অফিস প্রধান’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রকৌশল অফিসের প্রধান পদে শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে একজন দক্ষ ও যোগ্য প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নবনিযুক্ত প্রো-উপাচার্য (প্রশাসন) এ দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক ড. নাজমুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে প্রকৌশল অফিসের মতো একটি কারিগরি দপ্তরের প্রধান হিসেবে প্রকৌশল পটভূমির কোনো ব্যক্তির পরিবর্তে ভিন্ন বিভাগের একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।