সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে জাবি ছাত্রশিবিরের বিক্ষোভ

সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে জাবি ছাত্রশিবিরের বিক্ষোভ
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হকের হিজাব সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

রোববার (১৪ জুন) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হিজাব ও নিকাবের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম।

 

সমাবেশে মাজহারুল ইসলাম বলেন, হিজাব, নিকাব ও বোরকা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও মর্যাদাবোধের অংশ। জাতীয় সংসদে মনিরুল হকের এ ধরনের মন্তব্য অনভিপ্রেত ও অসম্মানজনক। কোনো নারীকে তার পোশাকের কারণে হেয় বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়।

 

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নারী শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে।

 

সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সংসদে হিজাব, বোরকা ও পর্দা নিয়ে অবমাননাকর আলোচনা উত্থাপন করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে ধর্মীয় অনুশীলন ও হিজাব-বোরকা নিয়ে কটাক্ষমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

এ সময় বক্তারা মনিরুল হকের বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।


সম্পর্কিত নিউজ