{{ news.section.title }}
শিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও নারী নির্যাতনের অভিযোগে জাবি ছাত্রদলের বিক্ষোভ
ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম-অপহরণের নাটক সাজানো, সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে হুমায়ূন হাবীব হিরণ বলেন, “ছাত্রশিবিরের এক নেতা এক নারীকে ধর্ষণ ও ভ্রূণ হত্যার ঘটনায় জড়িয়ে অপহরণের নাটক সাজিয়েছে। অতীতেও তারা গুমের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ ধরনের অপতৎপরতা রোধে ছাত্রসমাজকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি সবসময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জহিরুদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ছাত্রশিবির বিএনপি ও ছাত্রদলকে ঘিরে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে সেই পরিবেশ নষ্ট করছে।”
তিনি বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠনে কাজ করেছে। তবে সম্প্রতি ছাত্রশিবিরের এক নেতার তারেক রহমানকে নিয়ে করা মন্তব্য উসকানিমূলক এবং তা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।”
বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রদল নেতারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।