{{ news.section.title }}
শিবির জকসুকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে -অভিযোগ ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে (জকসু) দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহারের অভিযোগ তুলে ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল সমর্থিত জকসু প্রতিনিধিরা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ছাত্রশিবিরের নেতারা জকসুকে শিক্ষার্থীদের কল্যাণের বদলে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, যা নির্বাচিত ছাত্রসংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
তারা আরও বলেন, জকসুর নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করা। কোনোভাবেই দলীয় স্বার্থে এ প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়।
জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, “জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাদের কিছুই জানানো হয়না। তারা একতরফাভাবে গতকালও একটি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেয়।”
রিয়াসাল রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, জকসুর ব্যানারে দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বন্ধ না হলে তারা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বলেন, “জকসু একটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম। এর ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় বক্তব্য দেওয়া অনুচিত। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব জকসুর সঠিক ব্যবহার নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জকসুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবহন সম্পাদক মো. মাহিদ হাসান ও নির্বাহী সদস্য সাদমান সাম্য।