{{ news.section.title }}
ডুজা সদস্যদের ওপর হামলা: ‘ফ্যাসিবাদী আচরণ’ আখ্যা দিয়ে জাবিসাসের ক্ষোভ
রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। একইসঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৪ এপ্রিল) জাবিসাসের সভাপতি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। তারা বলেন, অভ্যুত্থানোত্তর সময়ে দেশে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশিত হলেও এখনো সাংবাদিকদের টার্গেট করে হামলার ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগজনক।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শাহবাগ থানার মতো সংবেদনশীল স্থানে এমন হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন জাবিসাস নেতারা।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ডুজার কয়েকজন সদস্য ছাত্রদলের কিছু নেতাকর্মীর হামলার শিকার হন।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।