ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চবিতে চাকসুর বিক্ষোভ

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চবিতে চাকসুর বিক্ষোভ
ছবির ক্যাপশান, ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চবিতে চাকসুর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট (স্মরণ চত্বর) থেকে মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘একটা একটা সন্ত্রাস ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ডাকসুতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘লীগ গেছে যে পথে, দল যাবে সে পথে’, ‘ডাকসুতে হামলা কেন, সালাহউদ্দিন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

সমাবেশে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রদল সহযোদ্ধা থাকলেও পরবর্তীতে তাদের কর্মকাণ্ডে সহিংসতার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয় এবং তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করেন। পরে তাকে উদ্ধার করতে গেলে ডাকসুর নেতাদের ওপর হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। সহিংসতা পরিহার করে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার আহ্বান জানান তিনি।

 

চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর ক্যাম্পাসে ভীতিমুক্ত পরিবেশ প্রত্যাশা করা হলেও একটি চক্র পুনরায় সন্ত্রাসভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি ডাকসুর প্রতিনিধি মুসাদ্দেক আলী ও এ বি জুবায়েরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

বিক্ষোভে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ ফারাবিসহ চাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসুর দুই নেতা মুসাদ্দিক আলী ও এ বি জুবায়েরের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


সম্পর্কিত নিউজ