{{ news.section.title }}
জাবিতে দায়িত্ব পালনের সময় সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ‘বাণিজ্য বার্তা’ অনলাইন পোর্টালের সাংবাদিক মো. আরাফাত হোসেন এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী বন্ধন কুমার মন্ডল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম রাশিদুল আলমের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে প্রক্টর অফিসের সামনে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে চলমান পরিস্থিতি ধারণ করছিলেন সাংবাদিক আরাফাত হোসেন। এ সময় বন্ধন কুমার মন্ডল তার ভিডিও ধারণে বাধা দেন এবং ফোনে হাত দিয়ে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী আরাফাত হোসেন বলেন, “আমি আমার দায়িত্ব অনুযায়ী ঘটনাটি ধারণ করছিলাম। হঠাৎ ওই শিক্ষার্থী উত্তেজিত হয়ে ভিডিও বন্ধ করতে বলেন এবং ‘মিডিয়া ট্রায়াল’ করার অভিযোগ তুলে ফোনে আঘাত করেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন আচরণ ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।”
অভিযুক্ত শিক্ষার্থী বন্ধন কুমার মন্ডল দাবি করেন, “আমি প্রক্টরের সঙ্গে কথা বলছিলাম, তখন আমার খুব কাছে ক্যামেরা ধরা হয়েছিল। আমি মনে করেছি সাংবাদিকরা প্রশাসনের পক্ষে কাজ করছে। সে কারণেই আমি প্রতিক্রিয়া দেখিয়েছি, তবে কাউকে হেনস্তা করার উদ্দেশ্য ছিল না।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম রাশিদুল আলম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।