হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস যেতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আইআরজিসির

হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস যেতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আইআরজিসির
ছবির ক্যাপশান, হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস যেতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি দাবি করেছে, চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ থাকবে না।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত **দ্য গার্ডিয়ান**–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল, গ্যাস কিংবা পেট্রোকেমিক্যাল পণ্যও পরিবহন করতে দেওয়া হবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে এ নৌপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

 

ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, কতজন নাবিক ছিলেন বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ট্যাংকারে বিস্ফোরণের ঘটনাও নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি।

 

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নৌ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভবিষ্যতে ‘শাস্তিমূলক অভিযান’ চালানোরও হুঁশিয়ারি দিয়েছে।

 

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথের নিরাপত্তা নিয়ে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
 


সম্পর্কিত নিউজ