{{ news.section.title }}
আজ দায়িত্ব নিচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি ডাউনিং স্ট্রিটে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেবেন।
দায়িত্ব ছাড়ার আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে শেষ ভাষণ দেওয়ার কথা রয়েছে কিয়ার স্টারমারের। এরপর তিনি ও অ্যান্ডি বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজা নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণে ব্রিটিশ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মানুষের জন্য আরও স্বস্তির পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক অ্যান্ডি বার্নহ্যামকে শুভেচ্ছা জানালেও তার সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেছেন, স্পষ্ট পরিকল্পনা ছাড়াই নতুন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন।
গত শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহ্যাম। অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের নেতৃত্ব পান। এরপর সাংবিধানিক নিয়ম অনুসারে আজ তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভা গঠন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং সরকারি সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। তার সরকারের প্রথম কয়েক মাসই হবে নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা।