সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি মোতায়েন

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি মোতায়েন
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়। ওই চুক্তির আওতায় সীমান্ত এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে নজরদারি ও সহায়তা কার্যক্রম আরও জোরদার হয়।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানিয়েছেন, সমঝোতা স্মারক অনুযায়ী রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে এই বাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ের নিরাপত্তা চাহিদা বিবেচনায় সীমান্তবর্তী ১১ জেলায়-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়িতে-উপজেলা ও থানা পর্যায়ে আনসার-ভিডিপি/টিডিপি সদস্যদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। এসব সদস্য স্থানীয় প্রশাসন ও বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

 

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে স্থানীয় পর্যায়ে নজরদারি আরও শক্তিশালী হবে এবং সীমান্ত ব্যবস্থাপনায় দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে। পাশাপাশি জনবলভিত্তিক এই সহযোগিতা সীমান্ত অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

 

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে শুধু মোতায়েনই নয়, বরং আধুনিক প্রযুক্তি ব্যবহার, তথ্য আদান-প্রদান ব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন। এদিকে আনসার-ভিডিপি ও বিজিবির সমন্বিত কার্যক্রম সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


সম্পর্কিত নিউজ