{{ news.section.title }}
আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত?
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ধারাবাহিকতায় আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্যহার সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার (১১ জুন)ও একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা। এর আগে গত ৬ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সবশেষ দুই দফা মূল্য সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭৩ টাকা কমেছে। আর টানা তিন দফা মূল্য হ্রাসে কমেছে মোট ১৫ হাজার ৩৩৯ টাকা। ফলে কয়েক সপ্তাহ আগের তুলনায় স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য স্বস্তি ফিরেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে স্বর্ণের দামে সংশোধন, ডলারের গতিপ্রকৃতি এবং স্থানীয় পর্যায়ে পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ার কারণেই দেশের বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অস্থিরতার ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আবারও পরিবর্তন আসতে পারে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে, আর ৩৫ বার কমানো হয়েছে। ঘন ঘন মূল্য সমন্বয়ের এই প্রবণতা দেশের স্বর্ণবাজারে অস্থিরতার চিত্রই তুলে ধরছে ।এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ফলে মূল্যবান ধাতুর বাজারে বর্তমানে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।