সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
ছবির ক্যাপশান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ তাকে আটক করেছে বলে পুলিশ সদর দপ্তরের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত ১২ জুন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে দুদককে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়।

 

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্তে তার ঘোষিত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যহীন বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।

 

মামলার তদন্তে প্রায় ১১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

 

পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত তাকে দেশের বাইরে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন।

 

সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ২০২৪ সালের মে মাসে বেনজীর আহমেদ স্ত্রী ও মেয়েদের নিয়ে দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে দুবাইসহ বিভিন্ন দেশে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল।


বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে দুদক।

 

দুদক সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে চলমান মামলার বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মামলায় পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আগামী ২৩ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে।

 

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।


২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার এবং র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

 

সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির নানা অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তার ও পরিবারের বিভিন্ন সম্পদ জব্দ ও ক্রোকের নির্দেশও দিয়েছিল। 


তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বেনজীর আহমেদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পর্কিত নিউজ