{{ news.section.title }}
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি মেরামত, লাইন স্থানান্তর এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে আজ শনিবার (২০ জুন) চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো আগাম বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।
শুক্রবার (১৯ জুন) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ করা হবে। নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তর করা হবে।
এ কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সাত ঘণ্টা নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এ সময় ওই এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অংশ। জনস্বার্থে কাজটি সম্পন্ন করতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের প্রয়োজন হচ্ছে। এ কারণে গ্রাহকদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।
অন্যদিকে চুয়াডাঙ্গায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ কেভি লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ কারণে জেলার কয়েকটি এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বড়বাজার ফিডারের আওতাধীন যেসব এলাকা বিদ্যুৎবিহীন থাকবে সেগুলো হলো-দৌলোদিয়ার সরদারপাড়া, দৌলোদিয়ার স্কুলপাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিসপাড়া এবং দৌলোদিয়ার বঙ্গজপাড়া। এ ছাড়া নিউ মার্কেট ফিডারের আওতাধীন বড়বাজার নিউ মার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া এবং দৌলোদিয়ার কোরিয়াপাড়া এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ওজোপাডিকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর সময়সূচি কিছুটা পরিবর্তিত হতে পারে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান বিদ্যুতের ওপর নির্ভরশীল, তাদের বিকল্প ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে।