{{ news.section.title }}
৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। মাত্র তিন মাসে যে অগ্রগতি হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলেও হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক বাজার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
তিনি বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন আমাদের অন্যতম লক্ষ্য।”
মির্জা ফখরুল আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বাজার, সড়ক ও সেতু উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। নির্মাণকাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক বাজার অবকাঠামো ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।