{{ news.section.title }}
বেনজীরকে ফিরিয়ে আনতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়োজনীয় মামলার নথিপত্রসহ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পৌঁছে দেওয়া হয়েছে এবং দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে আটক হওয়ার পরপরই বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান মামলাসংক্রান্ত ১৪৪ পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে এবং বাকি মামলাগুলোর তদন্ত চলছে। তিনি বলেন, “আমরা আশা করছি, সংযুক্ত আরব আমিরাত সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএ) প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় দুই দেশের আইনশৃঙ্খলা ও বিচারিক কর্তৃপক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মামলার অগ্রগতি নিশ্চিত করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতিতেই আমরা কাজ করছি। ভালো কাজের জন্য পুরস্কার এবং অনিয়মের জন্য শাস্তি নিশ্চিত করা হবে।”
ব্রিফিংয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। রাতারাতি পরিস্থিতি পরিবর্তন সম্ভব নয়, তবে এই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।”
এ সময় তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠন ২৩ জুনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর গত ১২ জুন দুবাইয়ে আটক হন সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। একইসঙ্গে তিনি জানান, বেনজীরের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংযুক্ত করে প্রত্যর্পণের আবেদন পাঠানো হয়েছে