২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল কিংবা প্রতীকী কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রতিপক্ষ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও রয়েছে।

 

বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হলে পরিস্থিতি সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মসূচি ঠেকাতে গেলে তাদের বিরুদ্ধেও প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করছে পুলিশ।

 

এ প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টির গুরুত্ব তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল, পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকী সংশ্লিষ্ট কর্মসূচির চেষ্টা হতে পারে। এসব কর্মসূচি ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-এর কাছে পাঠানো নির্দেশনায় প্রয়োজনীয় গোয়েন্দা নজরদারি বাড়ানো, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ এবং প্রচারণামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনাও দেখা দিয়েছে।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিনে গণভবনের সামনের এলাকাতেও যুবলীগের ব্যানারে একটি মিছিলের খবর পাওয়া যায়, যা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে।

 

পুলিশের পর্যবেক্ষণে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচির আহ্বান ও প্রচারণা চালানোর চেষ্টা দেখা যাচ্ছে। ফলে শুধু মাঠপর্যায়ে নয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মেও নজরদারি জোরদার করা হয়েছে।

 

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে সংবেদনশীল এ সময়কে কেন্দ্র করে যেকোনো ধরনের উসকানি, গুজব বা সংঘাতের ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের সতর্ক অবস্থান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

 

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল, গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ২৩ জুনকে ঘিরে পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হতে পারে।


সম্পর্কিত নিউজ