{{ news.section.title }}
মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হইয়ে গেছে: ববি হাজ্জাজ
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এলাকার নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও তা ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় এলাকাবাসী সরাসরি তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নাগরিকদের বক্তব্য শুনে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তিনি বলেন, “বিগত দিনে আমি নিজে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। এটি শুধু একটি যন্ত্র চুরি হওয়ার ঘটনা নয়, বরং এলাকার নিরাপত্তা পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরে।”
নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা টহল কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা করছি। তবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। শুধুমাত্র টহল দিয়ে দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সম্প্রতি তার এক সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এমন ঘটনা প্রমাণ করে যে, এলাকায় নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়ন জরুরি।
এ প্রসঙ্গে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন ববি হাজ্জাজ। তিনি জানান, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে এলাকার অপরাধ নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই না মোহাম্মদপুরে কোনো ধরনের আগ্রাসন, সন্ত্রাস বা চাঁদাবাজি টিকে থাকুক। সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে চাই।”