দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সোমবার (২০ জুলাই) থেকে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

 

সোমবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

মঙ্গলবারও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এছাড়া ২৩ ও ২৪ জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। এই তিন বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনজুড়েই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায়। এছাড়া খুলনায় ৬২ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৫৬ মিলিমিটার, সিলেটে ৩৩ মিলিমিটার এবং টাঙ্গাইলে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তুলনামূলক কম বৃষ্টি হলেও দিনভর মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বর্ষণ ছিল।

 

তাপমাত্রার দিক থেকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিশেষ করে নদীতীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝড়-বৃষ্টির সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ