সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি
ছবির ক্যাপশান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া রায়ের অনুলিপিও ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

 

সরকারি সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়ে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিষয়টি এখন দুই দেশের সরকারি যোগাযোগের আওতায় রয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।

 

বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

 

তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে।
 


সম্পর্কিত নিউজ