{{ news.section.title }}
মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে
২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই ক্রমেই রূপ নিচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ব্যক্তিগত প্রতিযোগিতায়। নকআউট পর্ব শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জমে উঠেছে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড-তিনজনেরই এখন সমান সাতটি করে গোল। তবে ফিফার টাইব্রেকিং নিয়মে সবার ওপরে উঠে গেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে এমবাপ্পের পেনাল্টি থেকে। এই গোলেই চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় সাতে। একই সঙ্গে বিশ্বকাপ ক্যারিয়ারে ১৯ গোল করে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন।
অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও সাত গোল নিয়ে সমানতালে লড়াই করছেন। কেপ ভার্দের বিপক্ষে গোল করে তিনি এই সংখ্যা স্পর্শ করেন। তবে তাঁর নামের পাশে এখনো কোনো অ্যাসিস্ট নেই। ফলে সমান গোল হলেও ফিফার নিয়ম অনুযায়ী এমবাপ্পের নিচে অবস্থান করছেন তিনি।
গোল্ডেন বুট নির্ধারণে ফিফা প্রথমে গোলসংখ্যা বিবেচনা করে। একাধিক খেলোয়াড় সমান গোল করলে দেখা হয় কে বেশি অ্যাসিস্ট করেছেন। অ্যাসিস্টও সমান হলে তখন কম মিনিট খেলা ফুটবলার এগিয়ে থাকেন। এই নিয়মেই বর্তমানে এমবাপ্পে শীর্ষে। কারণ সাত গোলের পাশাপাশি তাঁর রয়েছে দুটি অ্যাসিস্ট।
এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন নরওয়ের আর্লিং হলান্ড। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে তিনি দলকে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেন এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে দেন নরওয়েকে। সেই দুই গোলেই তাঁর টুর্নামেন্টের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে। তবে কোনো অ্যাসিস্ট না থাকায় তিনি আপাতত তৃতীয় স্থানে রয়েছেন।
গোল্ডেন বুটের দৌড়ে এখনো শক্ত অবস্থানে আছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও। ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করার পর তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। ইংল্যান্ড যদি টুর্নামেন্টে আরও এগিয়ে যায়, তবে কেইনের সামনে শীর্ষে ওঠার সুযোগ থাকছে।
ফ্রান্সের আরেক তারকা উসমান দেম্বেলে এখন পর্যন্ত চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। গোলসংখ্যায় কিছুটা পিছিয়ে থাকলেও নকআউট পর্বে আরও ম্যাচ খেলার সুযোগ থাকায় তিনিও এখনো গোল্ডেন বুটের লড়াই থেকে ছিটকে যাননি।
বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতার নজির এখনো নেই। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন এমবাপ্পে। এবারও যদি শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখতে পারেন, তবে তিনিই হবেন ইতিহাসের প্রথম ফুটবলার যিনি টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জিতবেন।
তবে প্রতিযোগিতা এখনো অনেক বাকি। আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে-তিন দলই কোয়ার্টার ফাইনালে খেলবে। ফলে মেসি, এমবাপ্পে ও হলান্ডের সামনে গোলসংখ্যা বাড়ানোর আরও সুযোগ রয়েছে। সেই সঙ্গে হ্যারি কেইনও রয়েছেন মাত্র এক গোল দূরে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই এখন কেবল দুই মহাতারকার নয়, বরং তিন মহাতারকার এক ঐতিহাসিক দ্বৈরথে রূপ নিয়েছে।