বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে তিনি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান এবং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ‘সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেন।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, বৈঠকে রাষ্ট্রদূত ওয়ানিশ প্রেসিডেন্ট মিলেইয়ের পক্ষ থেকে নেতানিয়াহুর উদ্দেশে একটি বার্তা পৌঁছে দেন। সেই বার্তায় আর্জেন্টাইন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি নিজের সমর্থন ও বন্ধুত্বের কথা উল্লেখ করেন।

 

জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। একজন সত্যিকারের বন্ধু। তুমি একজন মহান বন্ধু। আমরা তোমাকে সমর্থন করি, আমরা আর্জেন্টিনাকেও নানাভাবে সমর্থন করি। আগামীকালের (ফাইনালের) জন্য শুভকামনা।’

 

পরে নেতানিয়াহু আরও বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক হওয়ার বিষয়টি গোপন করেন না। তার ভাষায়, ইসরায়েলের অনেক নাগরিকও আর্জেন্টিনাকে সমর্থন করেন এবং এর একটি বড় কারণ প্রেসিডেন্ট মিলেইয়ের নেতৃত্বে দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতা।

 

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচটি রাজনৈতিক আলোচনাতেও জায়গা করে নিয়েছে।

 

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। চলতি বছর তিনি জেরুজালেম সফর করেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের ঘোষণা দেন।

 

অন্যদিকে স্পেনের সরকার গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছে। ফলে বিশ্বকাপের ফাইনালে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই দেশের ভিন্ন কূটনৈতিক অবস্থান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এই রাজনৈতিক অবস্থানগুলোর সঙ্গে ফিফা বিশ্বকাপ বা ম্যাচ পরিচালনার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।


সম্পর্কিত নিউজ