{{ news.section.title }}
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ফুটবলের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এসেছে কূটনৈতিক ও রাজনৈতিক বার্তাও। ফাইনালে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায়।
ফাইনালের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি তুলে দেন।
বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। বার্তায় মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’
নেতানিয়াহু আরও বলেন, তিনি প্রকাশ্যেই আর্জেন্টিনার সমর্থক এবং তার বিশ্বাস, ইসরায়েলের অধিকাংশ নাগরিকও ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন করবেন।
তিনি বলেন, ‘আমি যে আর্জেন্টিনার সমর্থক, বিষয়টি লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার পক্ষেই থাকবে। শুভকামনা, ভামোস আর্জেন্টিনা।’
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইসরায়েলের নেতৃত্বের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলনও দেখা যাচ্ছে এই সমর্থনের ঘোষণায়। একই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনপন্থী অনেক সমর্থক ও আরব বিশ্বের বিভিন্ন অংশে স্পেনের প্রতি সমর্থনের কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
ফলে বিশ্বকাপ ফাইনাল শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও এটি বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে।