যে কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া

যে কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এমন ঐতিহাসিক ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে দেশটির সাবেক তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার নাম। অনেকেই ধারণা করেছিলেন, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে জাতীয় দলকে সমর্থন জানাবেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডি মারিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। কারণ হিসেবে তিনি মজা করেই বলেছেন, ‘মুফা’ (অপয়া) হতে চান না।

 

হেসে তিনি বলেন, ‘না! তুমি কি পাগল? আমি যাইনি, আর যাবও না। মুফা হতে চাই না। আমি শান্তিতে বাড়িতেই থাকব, সেখান থেকেই ম্যাচ দেখব। ছেলেরা জানে, প্রথম দিন থেকেই আমার সমর্থন তাদের সঙ্গে আছে। সব সময়ের মতো এবারও তাদের পাশে থাকব।’

 

ডি মারিয়া জানান, পুরো বিশ্বকাপে তিনি বাড়ি থেকেই আর্জেন্টিনার সব ম্যাচ দেখেছেন। সেই সৌভাগ্যের ধারাবাহিকতা ভাঙতে চান না বলেই ফাইনালেও একই রুটিন বজায় রাখবেন।

 

সাবেক এই উইঙ্গার আরও বলেন, বর্তমান দলের সাফল্যে তিনি ভীষণ খুশি। তরুণদের হাতে জাতীয় দলের ভবিষ্যৎ নিরাপদ বলেও বিশ্বাস করেন।

 

তার ভাষায়, ‘আমি খুবই আনন্দিত। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি ঠিকই ছিল বলে মনে করি। নতুন প্রজন্ম আবারও দলকে ফাইনালে তুলেছে। গতকালের পারফরম্যান্সের পর তাদের কাছে আর কিছু চাওয়ার নেই।’

 

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডি মারিয়া। আর্জেন্টিনার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলার ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ ফাইনালে গোল করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

 

এবার সেই দলের বাইরে থাকলেও ফাইনালে লিওনেল মেসিদের প্রতি তার সমর্থন অটুট। তবে যুক্তরাষ্ট্রের গ্যালারিতে নয়, নিজের বাড়ি থেকেই বিশ্বচ্যাম্পিয়নদের জন্য শুভকামনা জানাবেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।


সম্পর্কিত নিউজ