বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৭৪ লাখ

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৭৪ লাখ
ছবির ক্যাপশান, প্রতীকী এআই জেনারেটেড ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শেষ মুহূর্তে কিছু টিকিটের মূল্য ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই টিকিটের উচ্চমূল্য নিয়ে আলোচনা ছিল। তবে ফাইনাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাহিদা এতটাই বেড়েছে যে, টিকিটের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ফিফার অফিশিয়াল রিসেল মার্কেটপ্লেসে শনিবার (১৮ জুলাই) গোলপোস্টের পেছনের মিড-লেভেল আসনের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার। কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি হয়ে যায়।

 

এরপর সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। আপার ডেকের কর্নার অংশের এসব টিকিট কিনতে গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

 

মাঠের কাছাকাছি লোয়ার বোলের আসনের টিকিটের মূল্য উঠেছে প্রায় ১৬ হাজার ডলারে। অন্যদিকে করপোরেট অতিথিদের জন্য বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে।

 

শুধু ফিফার রিসেল প্ল্যাটফর্মই নয়, জনপ্রিয় পুনর্বিক্রয় ওয়েবসাইট SeatGeek ও StubHub-এও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে।

 

বিশ্লেষকদের মতে, এবার টিকিটের চাহিদা বাড়ার অন্যতম কারণ ফাইনালের আকর্ষণীয় লড়াই। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। পাশাপাশি এটি মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে।

 

আর্জেন্টিনা এই ম্যাচে জিতলে চতুর্থ বিশ্বকাপ শিরোপার পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

 

অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন। পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা দলটি ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

 

বিশ্বকাপের আগে মার্চ মাসে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই ম্যাচ স্থগিত হয়। ফলে দুই ফুটবল পরাশক্তির বহু প্রতীক্ষিত লড়াই শেষ পর্যন্ত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

 

এমন ঐতিহাসিক ম্যাচকে ঘিরেই টিকিটের বাজারে তৈরি হয়েছে নজিরবিহীন চাহিদা। আর সেই চাহিদাই ফাইনালের টিকিটের দামকে নিয়ে গেছে রেকর্ড উচ্চতায়।


সম্পর্কিত নিউজ