দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি, কার্যকর আজ থেকে

দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি, কার্যকর আজ থেকে
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ঈদুল আজহার পর ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর এসেছে। সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তিনি বলেন, “কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে যে আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।”

 

এই সিদ্ধান্তকে ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। তাদের মতে, ঈদের পর বিক্রিবাটা স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের ক্ষতি কমাতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এর আগে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন মার্কেট, শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ঈদের ব্যস্ততা শেষ হওয়ার পর সেই বিশেষ সুবিধা প্রত্যাহার করে আবার সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করা হয়। ফলে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হচ্ছিল।

 

ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পরই সাধারণত ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। বিশেষ করে চাকরিজীবী ও কর্মজীবী মানুষ অফিস শেষে কেনাকাটার জন্য বাজারে আসেন। ফলে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ বিক্রি বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ক্রেতারাও প্রয়োজনীয় কেনাকাটার জন্য অতিরিক্ত সময় পাবেন।

 

জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে গত কয়েক বছরে বিভিন্ন সময় দোকানপাট ও শপিং মলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষাপটে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 

নতুন সিদ্ধান্তের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের মার্কেট, শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আবারও রাত ৯টা পর্যন্ত চালু থাকবে, যা ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত নিউজ