{{ news.section.title }}
ওসমান হাদি হত্যা রহস্যের তদন্ত শেষ হচ্ছে কবে?
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৬তম বারের মতো সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে আদালত আগামী ২৮ জুন প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন।
ওসমান হাদি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলাটির তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে এরপর থেকে মামলাটির তদন্তভার গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে একাধিকবার সময় নেওয়ার পরও এখন পর্যন্ত অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি সংস্থাটি।