{{ news.section.title }}
রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নিয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল পৌনে ৭টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত এবং ভন্দুরচর এলাকার কাছে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রগুলোর দাবি, ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন ব্যক্তিকে সীমান্তের কাছাকাছি এলাকায় নিয়ে আসা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই ৯ জনের মধ্যে ছয়জন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তারা বর্তমানে আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় অংশে প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।
ঘটনার খবর সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা সম্ভাব্য পুশইনের আশঙ্কায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ কারণে গয়টাপাড়া সীমান্তে সবাই সতর্ক রয়েছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন।
খবর পাওয়ার পর গয়টাপাড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান জোরদার করেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।