{{ news.section.title }}
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নিলেন জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আজ (৩ মে) রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা আনন্দঘন ও স্মরণীয় করে তুলতে এ আয়োজন করা হয় বলে জানান সংগঠনের নেতারা। সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা এবং ক্যাম্পাস জীবনে মানিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যারা এসেছে, তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্ত চিন্তা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের সমস্যা শোনা এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা করা ছাত্রদলের সামাজিক ও সাংগঠনিক দায়িত্বের অংশ।
তিনি আরও যোগ করেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। বিশেষ করে নবীনদের জন্য একটি নিরাপদ, সহনশীল এবং ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “নবীনদের জন্য বিশ্ববিদ্যালয় একটি নতুন যাত্রা এবং নতুন অভিজ্ঞতার জায়গা। এই পথচলায় তাদের নিরাপদ, সহায়ক এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা চাই, তারা ভয়মুক্তভাবে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুক এবং নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাক।” তিনি নবীনদের নিয়মিত ক্লাস, লাইব্রেরি ব্যবহার, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় অংশগ্রহণেরও আহ্বান জানান।
এছাড়া কর্মসূচিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজ রুমি, মোঃ শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান মাহমুদ, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নাহিয়ান বিন অনিক, নজরুল ইসলাম মামুন, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেল মিয়া সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, নবীন শিক্ষার্থীদের বরণ করার এই ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।