{{ news.section.title }}
ইয়ার সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে পদার্পণ, চবির লাগল ৬০ বছর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘদিনের বর্ষভিত্তিক (ইয়ার) পদ্ধতি থেকে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে সেমিস্টার ও আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামে পাঠদান শুরু হয়েছে।
আজ রবিবার (৩ মে) একযোগে সব বিভাগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজনের মধ্য দিয়ে এই পরিবর্তনের সূচনা হয়, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ডিপার্টমেন্টে এই আধুনিক কারিকুলাম চালু থাকলেও বেশিরভাগ বিভাগেই বর্ষ ভিত্তিক কারিকুলামে পাঠদান করা হতো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। একযোগে সব বিভাগে ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে।” নতুন শিক্ষাব্যবস্থায় কার্যকর পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
একইদিন বেলা ১১টায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা সঠিক বিভাগে ভর্তি হয়েছো। এখন সময় নিজেকে প্রমাণ করার। নিজের প্রতিভা জাগিয়ে তুললে সফলতা আসবেই।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া এবং সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা।
বিশেষ অতিথির বক্তব্যে ডিন প্রফেসর ড. গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের ইতিবাচক পথে থেকে পড়াশোনা সম্পন্ন করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকরা ওবিই কারিকুলাম ও অর্ডিন্যান্স বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের এই পরিবর্তনকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন শিক্ষার্থীরাও। রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইয়ার ভিত্তিক পদ্ধতিতে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিত না এবং ড্রপআউটের হারও বেশি ছিল। সেমিস্টার পদ্ধতি চালুর ফলে ক্লাসে উপস্থিতি বাড়বে, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে সেশনজট কমবে এবং শিক্ষার মান উন্নত হবে।
নতুন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ৬১তম ব্যাচের মাধ্যমে। আইন বিভাগের শিক্ষার্থী উদয় খীসা বলেন, “আমাদের ব্যাচের মাধ্যমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক শিক্ষা ব্যবস্থার অংশ হচ্ছে। এটি আমাদের জন্য গর্বের।”
প্রতিষ্ঠার ৬১ বছর পর এসে ইয়ার সিস্টেম থেকে সেমিস্টার পদ্ধতিতে রূপান্তরকে বিশ্ববিদ্যালয়ের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একযোগে সব বিভাগে এই কার্যক্রম চালুর মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।