চবিতে প্রথমবার গবেষণা বৃত্তি চালু, পিএইচডি শিক্ষার্থীদের মাসে ৪০ হাজার টাকা

চবিতে প্রথমবার গবেষণা বৃত্তি চালু, পিএইচডি শিক্ষার্থীদের মাসে ৪০ হাজার টাকা
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পিএইচডি, এমফিল এবং মাস্টার্স (থিসিস) শিক্ষার্থীদের জন্য মাসিক গবেষণা বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নীতির আওতায় পিএইচডি গবেষকরা মাসে ৪০ হাজার টাকা, এমফিল গবেষকরা ২০ হাজার টাকা এবং মাস্টার্স (থিসিস) শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ সূত্রে জানা গেছে, চার বছর মেয়াদি পিএইচডি, দুই বছর মেয়াদি এমফিল এবং ছয় মাস মেয়াদি মাস্টার্স (থিসিস) শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসবেন।

 

জুলাই থেকে জুন শিক্ষাবর্ষ অনুযায়ী এই বৃত্তি প্রদান করা হবে এবং শুধুমাত্র পূর্ণকালীন শিক্ষার্থীরাই এর জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে যারা অন্য কোনো উৎস থেকে একাধিক বৃত্তি গ্রহণ করছেন, তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

 

২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের প্রতি বছর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বৃত্তি নবায়নের জন্য আবেদন করতে হবে। সুপারভাইজারের সন্তোষজনক মূল্যায়ন এবং একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে নবায়ন অনুমোদিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে বৃত্তি বাতিল হবে।

 

নীতিমালা অনুযায়ী, পিএইচডি গবেষকদের তৃতীয় ও চতুর্থ বছরে অন্তত একটি করে পিয়ার-রিভিউড জার্নালে প্রবন্ধ প্রকাশ করতে হবে। এমফিল শিক্ষার্থীদের ক্ষেত্রেও কমপক্ষে একটি পিয়ার-রিভিউড প্রবন্ধ প্রকাশ বাধ্যতামূলক। এ শর্ত পূরণে ব্যর্থ হলে প্রাপ্ত বৃত্তির অর্থ ফেরত দিতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা দপ্তরের অধীনে গঠিত একটি নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে আবেদন অনুমোদন করা হবে। বৃত্তিপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি সম্পন্ন করতে হবে, অন্যথায় বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। তবে অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো যৌক্তিক কারণে সর্বোচ্চ এক বছর সময় বৃদ্ধি করা যেতে পারে। এ বৃত্তির অর্থ শুধুমাত্র গবেষণাসংশ্লিষ্ট কাজে ব্যয় করা যাবে, অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না।

 

চাকসুর গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আনজুম শোভন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আগে শিক্ষার্থীদের জন্য সহায়তা সীমিত ছিল যাতায়াত ও আনুষঙ্গিক খরচে। এবারই প্রথমবারের মতো সরাসরি গবেষণা বৃত্তি চালু করা হলো। মাস্টার্স (থিসিস) শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সেরা ফলাফলধারী শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় আনা হবে এবং তাদের ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।


সম্পর্কিত নিউজ