হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১২৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১২৫
ছবির ক্যাপশান, হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১২৫

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১২৫ শিশু। নতুন এই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২২ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫৯০ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।

 

বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক ইঙ্গিত। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।

 

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জন শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ শিশু। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

 

হাসপাতালভিত্তিক পরিস্থিতিতেও চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৮৮৪ শিশু। তবে একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৩৬ জন রোগী।

 

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ জন।
 


সম্পর্কিত নিউজ