{{ news.section.title }}
নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ২৯
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে একটি গ্রামে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। সোমবার রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাতে আদামাওয়া রাজ্যের গোম্বি স্থানীয় সরকার এলাকার গায়াকু কমিউনিটিতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা গ্রামে ঢুকে কয়েক ঘণ্টা ধরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বহু বাসিন্দা নিহত হন এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গভর্নর ফিনতিরি সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন।
তিনি বলেন, পরবর্তী হামলা ঠেকাতে এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্য সরকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে।
রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। তবে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সক্রিয় একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ঠিক কোন শাখা হামলাটি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সাম্প্রতিক বছরগুলোতে আদামাওয়া রাজ্যে বোকো হারাম, ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠী এবং অপরাধী চক্রের হামলা বেড়েছে। এতে গ্রামীণ এলাকাগুলোতে নিরাপত্তাহীনতা আরও গভীর হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দুই দশকের বেশি সময় ধরে বিদ্রোহ, সশস্ত্র হামলা ও অপহরণের ঘটনা চলছে।