শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার
ছবির ক্যাপশান, শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস ও পুলিশ। থাইল্যান্ড থেকে ফেরার পর তাদের লাগেজ তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

এএফপির বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গ্রেপ্তার ভিক্ষুরা চার দিনের সফর শেষে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফিরেছিলেন। তাদের প্রত্যেকের লাগেজে প্রায় ৫ কেজি করে ‘কুশ’ নামে শক্তিশালী গাঁজা লুকানো ছিল। মাদকগুলো লাগেজের ভেতরে তৈরি করা গোপন অংশে রাখা হয়েছিল।

 

শ্রীলঙ্কা কাস্টমস জানিয়েছে, গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আদালতে তোলা হলে তাদের সাত দিনের রিমান্ডে পাঠানো হয় তদন্তের জন্য।

 

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ভিক্ষুদের বেশিরভাগই ছাত্র ছিলেন। তারা এক অজ্ঞাত দাতার অর্থায়নে থাইল্যান্ডে চার দিনের সফরে গিয়েছিলেন। সফরের খরচ ওই দাতা বহন করেছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

 

পুলিশ পরে কলম্বোর উপশহর থেকে আরও এক ভিক্ষুকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, তিনিই সফরের আয়োজন করেছিলেন এবং মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। 

 

তদন্তে উঠে এসেছে, ওই আয়োজক ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন, লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং বিমানবন্দরে ফেরার পর একটি ভ্যান এসে সেগুলো নিয়ে যাবে।

 

পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও উদ্ধার করেছে। সেখানে থাইল্যান্ডে তাদের সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা গেছে বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

তবে পুলিশ বলছে, আটক ভিক্ষুদের সবাই মাদক থাকার বিষয়টি জানতেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দরে একসঙ্গে এত বড় পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা নজিরবিহীন। মাদকগুলোর বাজারমূল্য প্রায় ৩৪ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। 


সম্পর্কিত নিউজ