৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
ছবির ক্যাপশান, ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ইউরোপজুড়ে যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়ছে, ঠিক সেই সময় ভিন্ন পথে হাঁটছে স্পেন। দেশটি প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধতার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।

এই উদ্যোগের অনুমোদন দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সরকারের লক্ষ্য, দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত কিন্তু আইনি স্বীকৃতি না পাওয়া অভিবাসীদের একটি বৈধ কাঠামোর মধ্যে নিয়ে আসা।

 

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, যোগ্য আবেদনকারীদের প্রথমে এক বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। নির্দিষ্ট শর্ত পূরণ হলে এই অস্থায়ী অনুমতিই ধীরে ধীরে স্থায়ী বসবাসে রূপ নিতে পারে।

 

আবেদন করতে হলে অভিবাসীদের কমপক্ষে পাঁচ মাস স্পেনে অবস্থানের প্রমাণ দেখাতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

 

বৈধতা পেলে এসব অভিবাসী আনুষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নম্বর, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি সুবিধাও তাদের জন্য উন্মুক্ত হবে।

 

সরকারের মতে, এই অভিবাসীরা ইতোমধ্যেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে শ্রমঘাটতি এবং জনসংখ্যার ক্রমবর্ধমান বার্ধক্য মোকাবিলায় তাদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে।


সম্পর্কিত নিউজ