জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স

জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম আট দিনেই দেশে ৯৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ২৪ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুনের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৯৭ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯০ কোটি ৭২ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় আরও বেড়েছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৮ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৭৩ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বেশি। অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি, হুন্ডি দমনে কড়াকড়ি এবং প্রবাসীদের আস্থার উন্নতি রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম কারণ।

 

গত কয়েক মাস ধরেই প্রবাসী আয়ের প্রবাহ ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।

 

এর আগে মার্চ মাসে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

 

চলতি অর্থবছরের আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানি আয়ের পাশাপাশি প্রবাসী আয় বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

 

অর্থনীতিবিদদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে। একই সঙ্গে এটি দেশের বৈদেশিক মুদ্রার বাজার, আমদানি ব্যয় ব্যবস্থাপনা এবং সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।


সম্পর্কিত নিউজ