{{ news.section.title }}
প্রাথমিক শিক্ষায় রেকর্ড বরাদ্দ
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার। নতুন অর্থবছরে প্রাথমিক শিক্ষার জন্য মোট ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের ৩৫ হাজার ৪০৩ কোটি টাকার তুলনায় ১১ হাজার ৩৩৪ কোটি টাকা বেশি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিশেষ মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এবারের বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাজেট নথি অনুযায়ী, শিক্ষা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির প্রায় ২ শতাংশ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন বাজেটে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ এবং ঝরে পড়া রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও অব্যাহত থাকবে।
তুলনামূলক হিসাবে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটের আকার ছিল প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ ছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের প্রায় ১২ দশমিক ১ শতাংশ।
এর আগের ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তখন জাতীয় বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা এবং শিক্ষা খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের প্রায় ১১ দশমিক ৮৮ শতাংশ।
যদিও শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, তবুও শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন শিক্ষা-সংশ্লিষ্ট সংগঠন দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের মতে, টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি নির্মাণে শিক্ষা খাতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন।