দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে বেশিরভাগ কারাগারেই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দিকে রাখতে হচ্ছে। বর্তমানে দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯ জনের স্থান রয়েছে। অথচ বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। এর মধ্যে পুরুষ বন্দির সংখ্যা ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দি ২ হাজার ৭৭ জন।

 

এই হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ৩২ হাজার বেশি বন্দি রয়েছে, যা মোট সক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ। ফলে বিভিন্ন কারাগারে আবাসন সংকট ও বন্দি ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে।

 

মন্ত্রী বলেন, অতিরিক্ত বন্দি থাকার কারণে দেশের অনেক কারাগারেই আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বন্দিদের জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করতে সরকার নতুন কারাগার চালু এবং বিদ্যমান কারাগারের সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, বন্দি আবাসন সমস্যা কমাতে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ খুব শিগগিরই চালু করা হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের কারাগার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ কাজ চলছে। একই সঙ্গে নরসিংদীতে একটি নতুন কারাগার নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, চলমান এই চারটি প্রকল্পের কাজ সম্পন্ন হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে। ফলে দেশের মোট বন্দি ধারণক্ষমতা বর্তমান ৪৫ হাজার ১৩৬ জন থেকে বেড়ে ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

 

শুধু তাই নয়, ভবিষ্যতে কারাগারের সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। এ লক্ষ্যে রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার।


সম্পর্কিত নিউজ