{{ news.section.title }}
খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণকে কেন্দ্র করে প্রণীত বাজেটকে কেউ কেউ ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যে বাজেট মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায়, সেই বাজেটের বিরোধিতা জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনী প্রচারণার সময় সিলেট অঞ্চল থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। বিশেষ করে হবিগঞ্জে চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ শ্রীমঙ্গলের মাটিতে তার বাস্তবায়ন শুরু হলো।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়কে সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নারীদের স্বাবলম্বী না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্য থেকেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই এর বাস্তবায়ন শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য। এ কারণে চলতি বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, কিছু মানুষ এই বাজেটকে ‘চানাচুরের বাজেট’ বলে কটাক্ষ করছেন। অথচ এই বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। যারা এমন বাজেটকে গণবিরোধী বলে আখ্যায়িত করেন, তারা প্রকৃতপক্ষে জনগণের বন্ধু হতে পারেন না।
তারেক রহমান আরও বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে ৬০টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। তবুও কেউ কেউ এটিকে গণবিরোধী বাজেট বলে প্রচার করছে। জনগণকে এসব বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।