সরকারি দায়িত্ব পেলেন আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি

সরকারি দায়িত্ব পেলেন আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ছবির ক্যাপশান, সরকারি দায়িত্ব পেলেন আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

 

সরকারি আদেশ অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে দুই বছর। তবে জনস্বার্থ বা প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় সরকার চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে।

জাতীয় মহিলা সংস্থা দেশের নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংস্থাটি নারী শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, আইনি সহায়তা এবং সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি পরিচালনা করে।

 

আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি এবং নারী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বে থেকে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার এই নিয়োগকে নারী উন্নয়ন খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 


সম্পর্কিত নিউজ