আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলটি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ধারণ করে এগিয়ে যেতে চায়।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি একটি লিবারেল ডেমোক্রেটিক বা উদার গণতান্ত্রিক দল। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

 

বক্তব্যে তিনি সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন। বিএনপি মহাসচিব বলেন, অতীতে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলোকে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

 

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে তাদের দাবি রয়েছে। তবে একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকপক্ষের কিছু সিদ্ধান্তের কারণে অনেক সাংবাদিক চাকরি হারাচ্ছেন, যা উদ্বেগজনক।

 

মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করে না, বরং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের চাকরিচ্যুতি এবং পেশাগত অনিশ্চয়তা গণমাধ্যম খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একটি গোষ্ঠী সংগঠিতভাবে বিএনপি এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা মোকাবিলায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মিথ্যা তথ্য, গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
 


সম্পর্কিত নিউজ