{{ news.section.title }}
রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতের মতো রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে ভয়ভীতি বা চাপের মুখে রাখার চেষ্টা করে না। বরং গণমাধ্যমের যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতামূলক ভূমিকা রাখতে চায়। তিনি বলেন, এটাই বর্তমান পরিস্থিতি ও অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মধ্যে অন্যতম বড় পার্থক্য।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ করছে। গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জকে একটি কাঠামোর মধ্যে এনে সেগুলোর কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের গণমাধ্যম খাতকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে তুলতে একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই কমিশন গঠিত হলে তা ফ্যাসিবাদ-পরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে উঠতে পারে।
তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সময় গণমাধ্যম কী ধরনের বাধা ও নিয়ন্ত্রণের মুখে পড়েছিল, তা বারবার স্মরণ করা উচিত। এতে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি প্রতিরোধে সমাজ আরও সচেতন হবে।