আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না: মির্জা ফখরুল
ছবির ক্যাপশান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে আওয়ামী লীগ এবং গণতন্ত্রের সহাবস্থান সম্ভব নয়।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

 

মির্জা ফখরুল বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে সংবাদপত্রের কালো দিবস পালন করা হচ্ছে। এই সময়জুড়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী শাসনের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, দীর্ঘ ও রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। বর্তমান সরকারও এ স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 

তবে তিনি গণমাধ্যমের অভ্যন্তরীণ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, কিছু গণমাধ্যম মালিক অন্যায়ভাবে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করছেন এবং তাদের অধিকার ক্ষুণ্ন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগেরও সমালোচনা করেন তিনি। সাংবাদিকদের এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
 


সম্পর্কিত নিউজ