{{ news.section.title }}
ই-হেলথ কার্ড আসছে, শুরুতে কারা পাচ্ছেন?
জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সবার জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস–এর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এ সংক্রান্ত একটি প্রকল্প ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, এই ‘ই-হেলথ কার্ড’ একটি সমন্বিত ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
এদিকে শিক্ষা খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী–এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়ার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
সরকারের লক্ষ্য হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্য-এই দুই গুরুত্বপূর্ণ খাতে প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ আরও উন্নত ও সহজ সেবা পেতে পারে।