{{ news.section.title }}
দেড়মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ দেড়মাসের বিরতির পর দেশের বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৫ এপ্রিল) ইসলামি ব্যাংক থেকে ৭০ মিলিয়ন ডলারের এই সওদা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বাড়ায় এবং বিদেশি লেনদেন তুলনামূলক কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, সর্বশেষ চলতি বছরের ২ মার্চ মাল্টিপল অকশন পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার কেনা হয়েছে ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
এদিকে মার্চ মাসে দেশে রেমিট্যান্স রেকর্ড পরিমাণে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। আবার এপ্রিলের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার। যা গত বছরের এপ্রিলের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলছে ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা পরিবারের কাছে বেশি টাকা পাঠানোর ফলে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে যা রেকর্ড তৈরি করেছে।
এদিকে চলতি অর্থবছরের সূচনা থেকেই রপ্তানি আয় এবং রেমিট্যান্স বাড়তে থাকায় ব্যাংকে ডলার সরবরাহ বৃদ্ধি পায়। যার ফলে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা শুরু করে। তবে ২০২১ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির ব্যয় মেটাতে ব্যাংককে রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিক্রি করতে হয়েছে।
গতকাল, বুধবারে নতুন করে ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, দুই দিন আগে দেশের রিজার্ভে ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার।