{{ news.section.title }}
কোন নিয়ম ভাঙলে বাতিল হবে শিক্ষার্থীদের ভিসা? জানাল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শিক্ষার্থী ভিসার শর্ত ভঙ্গ করলে তা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে পারেন-এমনই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান বজায় রাখতে হলে নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলা জরুরি। বিশেষ করে পড়াশোনা বন্ধ করে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ানো-এসব ক্ষেত্রে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, “আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি (প্রোগ্রাম অব স্টাডি) থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।” এছাড়া দূতাবাস আরও সতর্ক করে বলেছে, ভিসা বাতিলের ঘটনা শুধু বর্তমান অবস্থানেই প্রভাব ফেলে না, এর দীর্ঘমেয়াদি প্রভাবও রয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা জটিল হয়ে যেতে পারে বা অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকি থাকে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, “এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন আপনি। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান (স্টুডেন্ট স্ট্যাটাস) বজায় রাখুন।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিমালায় কঠোরতা বাড়ানোর অংশ হিসেবেই এ ধরনের সতর্কতা দেওয়া হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ম মেনে চলার বিষয়ে আরও সচেতন থাকা প্রয়োজন।