{{ news.section.title }}
ভোরবেলায় ভূমিকম্প, কোথায় কোথায় অনুভূত?
ভারত–মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ভাবে অনুভূত হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভূমিকম্প ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটে অবস্থিত। উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে হওয়ায় এর তীব্রতা উপরের দিকে কিছুটা কমে আসে।এ কারণে মাঝারি মাত্রার এই ভূমিকম্প হলেও ঢাকাসহ আশপাশের এলাকায় এর প্রভাব ছিল সীমিত। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ডের জন্য হালকা দুলুনির মতো অনুভূতির কথা জানিয়েছেন বাসিন্দারা।
ভূতত্ত্ববিদরা বলছেন, বাংলাদেশ বড় কোনো সক্রিয় ফল্ট লাইনের ওপর সরাসরি অবস্থান না করলেও পার্শ্ববর্তী অঞ্চলের টেকটোনিক কার্যকলাপের কারণে প্রায়ই এমন কম্পন অনুভূত হয়। বিশেষ করে মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় প্লেট সীমান্তে সংঘটিত ভূমিকম্পের প্রভাব বাংলাদেশে এসে পৌঁছানো অস্বাভাবিক নয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।