সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন
ছবির ক্যাপশান, গোলাম সারোয়ার মিলন | ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

রাজনীতিতে সক্রিয় জীবনে গোলাম সারোয়ার মিলন ছিলেন একজন পরিচিত মুখ। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদল-এর প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বামপন্থী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলের সঙ্গেও যুক্ত ছিলেন।

 

পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি-তে যোগ দেন এবং দলের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময় হুসেইন মুহাম্মদ এরশাদ-এর মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেন-এর পর তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাবেক রাষ্ট্রপতি এ কে এম বদরুদ্দোজা চৌধুরী-এর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেন, তবে জয়ী হতে পারেননি।

 

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত নিউজ