{{ news.section.title }}
ঢাকার সঙ্গে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী ওয়াশিংটন
বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দিগন্ত খুলতে চায় যুক্তরাষ্ট্র।
সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ আগ্রহের কথা জানান। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে বৈঠক ও সাক্ষাৎ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করতে চায় ঢাকা-ওয়াশিংটন। বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরো শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান এবং উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপরেও জোর দেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘসময় ধরে যুক্তরাষ্ট্র এ অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।