{{ news.section.title }}
মারা গেছেন শোয়েব আখতারের ভাই শাহিদ আখতার
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বড় ভাই শাহিদ আখতার মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাবেক এই পেসার।
বুধবার দেওয়া এক আবেগঘন বার্তায় শোয়েব আখতার জানান, তার প্রিয় বড় ভাই শাহিদ আখতার আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার কিংবা ঘনিষ্ঠ সূত্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় বড় ভাই শাহিদ আখতার আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন।’ তার এই বার্তার পরই ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও সামাজিক যোগাযোগমাধ্যমে শাহিদ আখতারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জানাজা সংক্রান্ত তথ্যও শেয়ার করেন।
পরিবারের এই শোকের ঘটনা শোয়েব আখতারের জীবনে নতুন নয়। প্রায় পাঁচ বছর আগে তিনি তার মাকেও হারিয়েছিলেন। মায়ের মৃত্যুর পর এবার বড় ভাইকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।
ক্রিকেটবিশ্বের বিভিন্ন সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিশ্লেষক এবং ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব আখতার ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকেরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত শোয়েব আখতার আন্তর্জাতিক ক্রিকেটে গতির নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন। বিশ্বের দ্রুততম ডেলিভারির রেকর্ড এখনও তার দখলে রয়েছে। অবসরের পর তিনি ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিভিন্ন আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমে বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ক্রিকেটের নানা বিষয় নিয়ে সরব এই সাবেক তারকা বর্তমানে জীবনের একটি কঠিন সময় পার করছেন।
শাহিদ আখতারের মৃত্যুতে পাকিস্তানের ক্রীড়াঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের এই শোক কাটিয়ে উঠতে শোয়েব আখতার ও তার স্বজনদের জন্য প্রার্থনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।